জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সরকারের প্রথম ছয় মাসে সুস্পষ্ট কোনো সাফল্য দেখা যায়নি। তিনি মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর মগবাজারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, সরকারের সময়ক্ষেপণ, নীতিগত দ্বিধা এবং সিদ্ধান্তহীনতার কারণে জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কোনো ফলাফল আসেনি। তিনি বলেন, বিএনপি সরকারের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে গণভোটের রায় বাস্তবায়ন না করা।
তিনি জুলাই সনদের ৩০টি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রসঙ্গ তুলে বলেন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, দ্বিকক্ষবিশিষ্ট সংসদ এবং বিচার বিভাগের স্বাধীনতার মতো বিষয়গুলো গত ছয় মাসে বাস্তবায়িত হয়নি।
জ্বালানিসংকট নিয়ে সমালোচনা করে গোলাম পরওয়ার বলেন, প্রায় ২০টি কারখানা বন্ধ হয়ে গেছে এবং ২০ হাজার শ্রমিক ছাঁটাই হয়েছেন। তিনি সরকারের প্রশাসনে দলীয়করণের অভিযোগও তোলেন।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, সরকারি ও স্বাধীন পর্যবেক্ষকদের তথ্য উদ্বেগজনক। সংবাদ সম্মেলনে আটটি আহ্বান জানিয়ে সরকারের প্রতি দাবি জানান তিনি।























