জাতীয় সংসদে বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেলে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের বক্তব্যকে কেন্দ্র করে হট্টগোলের সৃষ্টি হয়েছে। বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান তার বক্তব্য এক্সপাঞ্জের দাবি জানিয়েছেন।
কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহর প্রশ্ন বুঝতে না পারায় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "স্পিকার, এটা প্রশ্ন হলো নাকি পল্টনের বক্তৃতা হলো বুঝতে পারিনি।" এরপর বিরোধী দলের সংসদ সদস্যরা প্রতিবাদ জানাতে শুরু করেন।
স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। তিনি বলেন, "আপনারা তো ইচ্ছেমতো সরকারকে ক্রিটিসাইজ করতে পারছেন।" তবে বিরোধী সদস্যদের প্রতিবাদ অব্যাহত থাকে।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "বিরোধী দলীয় কোন এমপির মামলায় আসামি গ্রেপ্তার হয় নাই সেটার স্পেসিফিক বর্ণনা দরকার।" তিনি আরও বলেন, "যদি কথা না বলতে দেন তাহলে কীসের বাক্স্বাধীনতা।"
বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, "আমরা তার ছাত্র হওয়ার জন্য এখানে আসি নাই।" তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যকে সংসদের কার্যপ্রণালি থেকে এক্সপাঞ্জ করার দাবি জানান।
























