লিঙ্গ পরিবর্তনের পর আনুষ্ঠানিকভাবে বাইশ গজে নামার অনুমতি পেয়েছেন অনয়া বাঙ্গার। ভারতের সাবেক ক্রিকেটার সঞ্জয় বাঙ্গারের এই পুত্র থেকে কন্যা হওয়া অনয়া এখন নারীদের বিগ ব্যাশ লিগে (ডব্লিউবিবিএল) খেলার সুযোগ পাচ্ছেন।
অনয়ার লক্ষ্য, জাতীয় দলের জার্সি গায়ে জড়িয়ে ভারতকে বিশ্বকাপ ট্রফি উপহার দেওয়া। যদিও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে খেলার অনুমতি দেয়নি, তবে অস্ট্রেলিয়ার ক্রিকেট বোর্ড সবুজ সংকেত দেওয়ার পর তিনি তার স্বপ্নের কথা প্রকাশ করেছেন।
ইন্ডিয়া টুডে-কে দেওয়া সাক্ষাৎকারে অনয়া বলেন, ‘আমি আশা করব বিসিসিআই বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবে এবং একদিন ভারতের নারী দলে খেলার সুযোগ পাব। দেশের হয়ে বিশ্বকাপ জেতাই আমার চূড়ান্ত লক্ষ্য।’
তবে রূপান্তরিত হওয়ার পর বিসিসিআইয়ের মনোভাব তাকে গভীরভাবে ব্যথিত করেছে। তিনি বোর্ডের সমালোচনা করে বলেন, ‘বোর্ড শুরু থেকেই আমার প্রতি নীরব ছিল। এতে ভীষণ হতাশ হয়েছি, মন ভেঙে গেছে। জানতাম রূপান্তরিত হলে ক্রিকেট থেকে দূরে সরে যেতে হতে পারে। তবে আশা করি, এবার তারা আমাদের মতো ক্রিকেটারদের নিয়ে নতুন নীতি তৈরি করবে, কারণ ভারতে আমিই প্রথম।’
























