ক্যান্টনমেন্ট থানার ওসি মো. রাকিবুল হাসানকে নিয়ে সৃষ্টি হওয়া ধোঁয়াশা কাটছে না। সরকার, প্রশাসন, সেনাবাহিনী এবং পুলিশ বাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্যের অডিও ফাঁসের পর তাকে নিয়ে উদ্বেগ প্রকাশ করছে পুলিশ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে বিষয়টি তদন্তের জন্য তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।
ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, রাকিবুল হাসানের বক্তব্যের বিষয়টি খতিয়ে দেখতে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
পুলিশের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার দিবাগত রাতে রাকিবুল হাসানকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল। তবে ডিবি প্রধান মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়নি এবং তার বর্তমান অবস্থান সম্পর্কে তিনি কিছু জানেন না।
এছাড়া, ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী এবং তদন্ত কমিটির সদস্যরাও রাকিবুল হাসানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেননি। তার ব্যবহৃত ব্যক্তিগত মুঠোফোনও বন্ধ রয়েছে।
গত বুধবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে রাকিবুল হাসানের একটি কথোপকথনের অডিও ছড়িয়ে পড়ে, যেখানে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরা, পুলিশের সক্ষমতা এবং পদায়নের ক্ষেত্রে অর্থ লেনদেন নিয়ে মন্তব্য করেন। ওই অডিওর সত্যতা নিশ্চিত হওয়ার পর তাকে ক্যান্টনমেন্ট থানা থেকে প্রত্যাহার করে ডিএমপির সদর দপ্তরে সংযুক্ত করা হয়।























