বিশ্ব ফার্মাসিস্ট দিবস ২০২৬ উপলক্ষে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ ‘এমপাওয়ারিং ফার্মাসিস্টস ফর হেলদিয়ার ফিউচারস ইন বাংলাদেশ’ শীর্ষক সেমিনারের আয়োজন করেছে। সোমবার (২৮ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মঞ্জুর এলাহী মিলনায়তনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে বক্তারা আধুনিক স্বাস্থ্যসেবায় ফার্মাসিস্টদের ভূমিকা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, বাংলাদেশের ওষুধ শিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে এগিয়ে নিতে ফার্মেসি গ্র্যাজুয়েটদের বাস্তবমুখী দক্ষতা এবং নৈতিক মানদণ্ডে সমৃদ্ধ করা প্রয়োজন। বক্তারা বিশ্ববিদ্যালয় ও শিল্পখাতের মধ্যে সহযোগিতার ওপর জোর দেন।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের চেয়ারম্যান মো. নাসের শাহরিয়ার জাহেদী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক মো. আলমগীর হোসেন। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শামস রহমান।
সেমিনারে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক ড. মোহাম্মদ ফরাসউদ্দিন। স্বাগত বক্তব্য দেন ফার্মেসি বিভাগের চেয়ারপারসন অধ্যাপক ড. মো. আমিরুল ইসলাম।
বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে ফার্মেসি বিভাগ শিক্ষার্থীদের অংশগ্রহণে ‘পোস্টার প্রেজেন্টেশন’ ও ‘ফার্মা অলিম্পিয়াড’ প্রতিযোগিতার আয়োজন করে। সেমিনার শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য, কোষাধ্যক্ষ, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
























