রাজধানীর যাত্রাবাড়ীর 'পৌর ফিলিং স্টেশন'-এর সব ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। জ্বালানি তেল পরিমাপে কারচুপির অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বিএসটিআইয়ের এক ভ্রাম্যমাণ আদালত অভিযানে গিয়ে প্রতি ১০ লিটার অকটেন ও ডিজেলে ৩০০ থেকে ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পায়। এ কারণে প্রতিষ্ঠানটিকে পাঁচটি মামলায় মোট তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বিএসটিআই সূত্রে জানা গেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহবুবুল ইসলামের নেতৃত্বে যাত্রাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। পরীক্ষায় দেখা যায়, একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৫৩০ মিলিলিটার এবং চারটি ডিজেল ইউনিটে যথাক্রমে ৩০০, ৩৩০, ৩৪০ ও ৩২০ মিলিলিটার তেল কম দেওয়া হচ্ছিল। সরকারি নিয়ম অনুযায়ী, প্রতি ১০ লিটারে তেলের ঘাটতির অনুমোদিত সর্বোচ্চ সীমা ৩০ মিলিলিটার।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানায়, তাদের প্রতিষ্ঠান থেকে প্রতিদিন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) বিভিন্ন গাড়ি প্রায় ১ হাজার ৫০০ লিটার এবং অন্যান্য যানবাহন প্রায় ৫ হাজার লিটার জ্বালানি ক্রয় করে থাকে। পরিমাপে বড় ধরনের ঘাটতি ধরা পড়ায় গ্রাহকরা আর্থিক প্রতারণার শিকার হচ্ছিলেন।
বিএসটিআই জানিয়েছে, ভোক্তাদের স্বার্থরক্ষা এবং জ্বালানি তেলের সঠিক পরিমাপ নিশ্চিত করতে এ ধরনের নজরদারি ও অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
























