মানিকগঞ্জ জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা বলেছেন, কালবেলা এ দেশের মানুষের কথা বলে এবং দেশকে এগিয়ে নেওয়ার কথা বলে। শুক্রবার (১৬ অক্টোবর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ প্রেস ক্লাব মিলনায়তনে কালবেলার ৪ বছরের প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নাজমুন আরা সুলতানা বলেন, কালবেলার অনলাইন নিউজে দেশ বিদেশের যে কোনো ঘটনা সঙ্গে সঙ্গেই দেখা যায়। তাদের সংবাদ উপস্থাপনা ভালো এবং লেখায় জটিলতা নেই, যা সহজে বোঝা যায়। তিনি কালবেলা পরিবারের সকল সদস্যদের অক্লান্ত পরিশ্রমের জন্য শুভেচ্ছা জানান এবং আশা প্রকাশ করেন যে, ভবিষ্যতে কালবেলা এক নম্বর পত্রিকা হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মানিকগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম বিশ্বাস। এ সময় সাবেক প্রেস ক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার ছানু, জেলা সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, স্থানীয় পত্রিকার সম্পাদক পরিষদের সভাপতি শহিদুল ইসলাম সুজনসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
























