ময়মনসিংহের নজরুল বিশ্ববিদ্যালয়ে ব্রাজিলের খেলা শেষে দুই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। সোমবার (৬ জুলাই) রাতে বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচ শেষে এ ঘটনা ঘটে। অসুস্থ শিক্ষার্থীদের মধ্যে রাতুল এবং মাশরুফা শারমীন এ্যানি রয়েছেন।
শিক্ষার্থীরা জানান, খেলা শেষ হওয়ার কিছুক্ষণ পর আবাসিক শিক্ষার্থী এ্যানি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তার রক্তচাপ কমে মাথা ঘুরে পড়ে যাওয়ার পর তিনি পাঁচবার বমি করেন। সহপাঠীরা তাকে দ্রুত ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে ইনজেকশন ও স্যালাইনের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা দেন। বর্তমানে তিনি শঙ্কামুক্ত।
একই সময়ে রাতুলও অসুস্থ হয়ে পড়েন এবং তাকেও হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, রাতুলেরও পেট ব্যথা ও বমি ছিল, তবে বর্তমানে তিনি সুস্থ হয়ে উঠেছেন।
ত্রিশাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাকিবুল ইসলাম বলেন, "এরা দুজন পেট ব্যথা ও বমি নিয়ে হাসপাতালে ভর্তি হয়। আমরা দ্রুত তাদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা দিয়েছি।" শিক্ষার্থীরা এখন আগের চেয়ে অনেকটা সুস্থ রয়েছেন বলে জানা গেছে।























