বরগুনার আমতলীতে শ্রমিকদল নেতা রিপন কাজী হত্যা মামলায় দুই আসামিকে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তারকৃতরা হলেন মো. রাসেল কাজী (৩২) এবং মো. সোহাগ কাজী (৪২)। শনিবার (৪ জুলাই) রাতে পতেঙ্গা থানার ৪১ নম্বর ওয়ার্ড এলাকায় যৌথ অভিযানে তাদের আটক করা হয়।
র্যাব-৮ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। মামলার এজাহার অনুযায়ী, রিপন কাজী কৃষিকাজের পাশাপাশি শ্রমিকদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং পারিবারিক জমিজমা নিয়ে অভিযুক্তদের সঙ্গে বিরোধ চলছিল।
গত ৩০ জুন পূর্বপরিকল্পিতভাবে অভিযুক্তরা রিপন কাজীর ওপর হামলা চালায়, যার ফলে তিনি গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। নিহতের মা ২ জুলাই পটুয়াখালী সদর থানায় হত্যা মামলা দায়ের করেন।
র্যাব জানায়, হত্যাকাণ্ডের পর থেকেই আসামিদের গ্রেপ্তারে তদন্ত শুরু হয়। তারা বিভিন্ন এলাকায় আত্মগোপন করে অবস্থান পরিবর্তন করছিলেন। গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার দুই আসামিকে চট্টগ্রামের পতেঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে, জানিয়েছেন পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান।























