জামালপুরের মেলান্দহে বিএনপি নেতা সুজন মণ্ডলের স্ত্রী সুমি আক্তারকে নিয়ে পালানোর অভিযোগে এমদাদুল হক অরচন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৩ অক্টোবর) ঝাউগড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। অরচনকে গ্রেপ্তারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমিকেও আটক করা হয়।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, ১ অক্টোবর সুজন ও সুমির বিয়ে হয় এবং বিয়ের সময় সুমিকে প্রায় ৬ লাখ ৯৬ হাজার ৫০০ টাকার স্বর্ণালংকার উপহার দেওয়া হয়। অভিযোগ রয়েছে, বিয়ের পর থেকেই অরচন সুমিকে বিভিন্নভাবে প্ররোচিত করে আসছিলেন। ২০ অক্টোবর সন্ধ্যায় সুজন বাড়িতে না থাকার সুযোগে অরচন তাদের বাড়িতে যান এবং সুমি বাড়ি থেকে বের হয়ে অরচনের সঙ্গে চলে যান।
সুজনের অভিযোগ, সুমি স্বর্ণালংকারও নিয়ে গেছেন। পরদিন সুজনের ছোট ভাইয়ের স্ত্রী ও ভাতিজা সুমির বাড়িতে গেলে তার মা জানান, সুমি অরচনের সঙ্গে কলেজে ফরম পূরণ করতে গেছেন। পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও সুমির সন্ধান না পেয়ে সুজন পুলিশের সহায়তা চান।
পুলিশ জামালপুর শহরের একটি ভাড়া বাসা থেকে অরচনকে আটক করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে সুমি আক্তারকে উদ্ধার করে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার এমদাদুল হক অরচন মেলান্দহ উপজেলার শাহজাদপুর এলাকার আব্দুল হামিদের ছেলে এবং মেলান্দহ পৌরসভায় গাড়িচালক হিসেবে কর্মরত। সুমি আক্তার মেলান্দহ পৌরসভার কামদেববাড়ি এলাকার শাহিন মণ্ডলের মেয়ে। সুজন ঝাউগড়া ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক।
সুজন মণ্ডল বলেন, ‘আমি এই প্রতারকদের কঠিন বিচার চাই। আমার সম্মান যা যাওয়ার, গেছে। অরচন পৌরসভায় চাকরি করেন। এ ঘটনায় কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করি।’
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম মাহমুদুল হক জানান, এমদাদুল হক অরচন ও সুমি আক্তারকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।























