বিশ্বকাপের শেষ ষোলোতে মিসরের বিপক্ষে মাঠে নামার আগে সতর্ক অবস্থান নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কেপ ভার্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে কঠিন লড়াইয়ের পর জয় পাওয়ায় আর্জেন্টিনা বুঝে গেছে, নকআউট পর্বে কোনো প্রতিপক্ষকেই হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেস বলেন, বিশ্বকাপে এখন এমন এক পর্যায় এসেছে যেখানে যে কোনো দল যে কাউকে হারিয়ে দিতে পারে। তিনি উল্লেখ করেন, ‘আমরা জানি, সব জাতীয় দলই খুব প্রতিযোগিতাপূর্ণ। ব্রাজিলের বিদায় সবাইকে অবাক করেছে, কিন্তু এটিই প্রমাণ করে এখানে কোনো ম্যাচ সহজ নয়।’
ডিফেন্ডার নাহুয়েল মোলিনাও একই সুরে কথা বলেন। তার মতে, মিসর আর্জেন্টিনার জন্য কঠিন পরীক্ষা হয়ে উঠতে পারে। তিনি বলেন, ‘কেউ কাউকে কিছু উপহার দেয় না। প্রতিটি দল প্রতিপক্ষকে নিয়ে বিশ্লেষণ করে এবং দেশের জন্য সর্বোচ্চটা দিয়ে খেলে।’
বিশ্বচ্যাম্পিয়ন হলেও আত্মতুষ্টিতে ভুগছে না আর্জেন্টিনা। খেলোয়াড়দের বক্তব্যে স্পষ্ট, মিসরকে তারা যথেষ্ট সমীহ করছে এবং কঠিন প্রতিপক্ষ হিসেবেই দেখছে।
মঙ্গলবার (৭ জুলাই) আটলান্টায় অনুষ্ঠিত হবে আর্জেন্টিনা ও মিসরের শেষ ষোলোর এই ম্যাচ। বিজয়ী দল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠবে।























