কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার দুর্নীতির অভিযোগে সাময়িক বরখাস্ত হওয়ার পর হাইকোর্টের স্থগিতাদেশের ভিত্তিতে আবারও রেজিস্ট্রার পদে যোগ দিয়েছেন। অভিযোগের মধ্যে রয়েছে আর্থিক অনিয়ম, বিধিবহির্ভূত পদোন্নতি এবং শিক্ষা ছুটির শর্ত লঙ্ঘন।
সোমবার (৬ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. দলিলুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়। অফিস আদেশে বলা হয়েছে, হাইকোর্টের স্থগিতাদেশের আলোকে তাকে পুনরায় দায়িত্ব পালনের অনুমতি দেওয়া হয়েছে।
এ সিদ্ধান্তের ফলে বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমালোচনার সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টদের মতে, গুরুতর অভিযোগের তদন্ত শেষ হওয়ার আগেই তাকে একই পদে ফিরিয়ে আনা তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, মজিবুর রহমানের বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে, যার মধ্যে রয়েছে নিয়োগ বাণিজ্য, অর্থ আত্মসাৎ এবং তথ্য জালিয়াতি। ২০১৮ সালে তাকে রেজিস্ট্রার পদ থেকে সরিয়ে কেন্দ্রীয় গ্রন্থাগারে বদলি করা হয়েছিল।
শিক্ষা অডিট অধিদপ্তরের নিরীক্ষা প্রতিবেদনে তার বিরুদ্ধে প্রায় ৩৩ লাখ টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠে এসেছে। অভিযোগের প্রেক্ষিতে ২০২৫ সালের ৩ মার্চ তাকে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয় এবং তদন্ত শুরু হয়।
এ বিষয়ে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, আদালতের আদেশ নিয়ে তিনি যোগদান করেছেন। উপাচার্য অধ্যাপক ড. এম এম শরীফুল বলেন, হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী তাকে যোগদানের অনুমতি দেওয়া হয়েছে, তবে তদন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।

























