২০২৬ সালের ফিফা বিশ্বকাপ ফাইনালে ইতিহাসের প্রথমবারের মতো হাফটাইম শো অনুষ্ঠিত হবে। এই শোতে অংশ নেবেন বিশ্বের জনপ্রিয় সংগীত তারকারা। আগামী ১৯ জুলাই যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ফাইনাল, যা বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় শুরু হবে।
ফিফা জানিয়েছে, বিশ্বকাপ ফাইনালে এত বড় পরিসরের সংগীত অনুষ্ঠান এবারই প্রথম। বুধবার (৮ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে পারফর্মিং শিল্পীদের তালিকা। ব্রিটিশ ব্যান্ড কোল্ডপ্লের প্রধান গায়ক ক্রিস মার্টিন পুরো আয়োজনের পরিকল্পনা ও তত্ত্বাবধান করছেন।
হাফটাইম শোতে পারফর্ম করবেন কানাডিয়ান পপ তারকা জাস্টিন বিবার, লাতিন সংগীতের জনপ্রিয় শিল্পী শাকিরা, কিংবদন্তি গায়িকা ম্যাডোনা এবং দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কে-পপ ব্যান্ড বিটিএস। এছাড়া নাইজেরিয়ার আফ্রোবিট তারকা বার্না বয়, ভেনেজুয়েলার খ্যাতিমান কন্ডাক্টর গুস্তাভো দুদামেল এবং নিউইয়র্কের শিক্ষার্থীদের নিয়ে গঠিত পিএস২২ কোরাসও অংশ নেবে।
এই আয়োজনের উদ্দেশ্য শুধুমাত্র বিনোদন নয়, বরং মানবিক দিকও রয়েছে। হাফটাইম শো থেকে প্রাপ্ত সহায়তা যাবে ফিফার গ্লোবাল সিটিজেন এডুকেশন ফান্ডে, যা বিশ্বজুড়ে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা ও খেলাধুলার সুযোগ বাড়াতে কাজ করছে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো এই আয়োজনকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় বিনোদনমূলক মঞ্চ হিসেবে উল্লেখ করেছেন এবং আশা প্রকাশ করেছেন যে, বিশ্বের প্রায় ২০০ কোটি দর্শক এই ঐতিহাসিক হাফটাইম শো উপভোগ করবেন।























