রংপুরের পীরগাছায় পৃথক দুটি ট্রেনে কাটা পড়ে দুই নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) দুপুরে উপজেলার সুখানপুকুর এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর সোয়া ১২টায় লালমনিরহাট থেকে ছেড়ে আসা সান্তাহারগামী ‘দোলনচাঁপা এক্সপ্রেস’ ট্রেনটি পীরগাছা স্টেশনে পৌঁছানোর আগে সুখানপুকুর রেলগেট এলাকায় এক নারী কাটা পড়েন। এর ১০ মিনিট পর সান্তাহার থেকে ছেড়ে আসা লালমনিরহাটগামী ‘পদ্মরাগ এক্সপ্রেস’ ট্রেনটি একই এলাকায় আরও এক নারীকে কাটা দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতদের বাহ্যিক অবয়ব দেখে একজনের বয়স আনুমানিক ২৫-২৬ বছর এবং অন্যজন পঞ্চাশোর্ধ্ব নারী বলে মনে হচ্ছে।
পীরগাছা রেলস্টেশন মাস্টার জেনারুল ইসলাম জানান, দুই নারীর মৃত্যুর বিষয়টি অত্যন্ত দুঃখজনক। ঘটনাটি জানার পর ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ও রেলওয়ে পুলিশকে (জিআরপি) অবহিত করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
এদিকে, একই দিনে নেত্রকোনায় ট্রেনে কাটা পড়ে মুহিদ খান রিফাত (২২) নামে এক গার্মেন্টস কর্মী নিহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) ভোরে শহরের রাজুর বাজার রেল কালভার্ট এলাকায় এ ঘটনা ঘটে।
























