কুষ্টিয়ার খোকসা উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) রাত ১টার দিকে উপজেলার ওসমানপুর ইউনিয়নের দেবীনগর গ্রামের ব্রিক ফিল্ড এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে একজন হলেন দেবীনগর গ্রামের মৃত চাঁদ আলীর ছেলে ফারুক হোসেন (৪০) এবং অপরজন একই ইউনিয়নের খানপুর গ্রামের আতিয়ারের ছেলে আব্দুল শেখ (২৫)। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে এলাকার ছালিম হোসেনের সঙ্গে সামিরুল মোল্লার বিরোধ চলছিল।
রাতের হামলায় সামিরুল দলবল নিয়ে ছালিম হোসেনের বাড়িতে আক্রমণ করেন। ছালিম হোসেন পালিয়ে গেলেও ফারুক হোসেন, আব্দুল শেখ এবং মুল্লুক মন্ডলকে (৩৫) চাপাতি দিয়ে আক্রমণ করা হয়। এতে ঘটনাস্থলেই ফারুক হোসেন ও আব্দুল শেখের মৃত্যু হয়। আহত মুল্লুক মন্ডল পালিয়ে চিকিৎসা নিচ্ছেন।
পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোল্লা জাকির হোসেন জানান, শুক্রবার বিকালে দুই গ্রুপের মধ্যে গোলমাল হয়, যার জের ধরে রাত ১টার দিকে এই হামলার ঘটনা ঘটে।
এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে বলে জানান ওসি।























