২০২৬ বিশ্বকাপ কিলিয়ান এমবাপ্পের জন্য বিশেষ স্মরণীয় হয়ে থাকবে। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে জোড়া গোল করে বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার রেকর্ড নিজের করে নিয়েছেন ফ্রান্সের এই তারকা ফরোয়ার্ড। তবে এমবাপ্পের বিশ্বাস, লিওনেল মেসি খুব দ্রুতই তার এই কীর্তি ছুঁয়ে ফেলবেন।
শনিবার অনুষ্ঠিত তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে পরাজিত হয়ে বিশ্বকাপ অভিযান শেষ করে ফ্রান্স। যদিও এই ম্যাচে দুটি গোল করে এমবাপ্পে তার মোট গোলসংখ্যা ২২ এ নিয়ে যান, যা তাকে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসনে তুলে দেয়। তিনি আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসির ২১ গোলের রেকর্ড ছাড়িয়ে যান।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এমবাপ্পে ফাইনালে খেলতে না পারার আক্ষেপ প্রকাশ করেন। তিনি বলেন, ‘লিও সব সময়ই গোল করে। আগামীকালও সে অবশ্যই গোল করবে।’
বিশ্বকাপে এত গোল করা একজন খেলোয়াড় হিসেবে বড় অর্জন উল্লেখ করে এমবাপ্পে জানান, তার মূল লক্ষ্য সবসময় দলের সাফল্যে অবদান রাখা। তিনি বলেন, ‘আমি চেষ্টা করি প্রতিটি ম্যাচে আমার দলকে গোল করতে সাহায্য করতে।’
এমবাপ্পে তার এই ঐতিহাসিক কীর্তির গুরুত্বও অস্বীকার করেননি। তিনি বলেন, ‘উত্তরাধিকারের দিক থেকে এটি অবশ্যই একটি দারুণ অর্জন। একদিন যখন আমরা খেলা ছেড়ে দেব, তখন ভালো লাগবে ভেবে যে আমি এমন একজন খেলোয়াড় ছিলাম।’























