ভারতের রাজধানী নয়াদিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে আন্দোলনকারীদের বিরুদ্ধে পেলেট গান ব্যবহারের অভিযোগ উঠেছে। দিল্লির একটি সরকারি হাসপাতালের চিকিৎসা প্রতিবেদনে কয়েকজন আহত বিক্ষোভকারীর শরীরে পেলেটের আঘাতের প্রমাণ পাওয়া গেছে। তবে দিল্লি পুলিশ এ অভিযোগ অস্বীকার করেছে।
২০ জুলাই নিট প্রশ্নপত্র ফাঁসের ঘটনার প্রতিবাদে সিজেপি পার্লামেন্ট অভিমুখে বিক্ষোভ করে। দলটির অভিযোগ, পুলিশ অতিরিক্ত বলপ্রয়োগ করেছে এবং আন্দোলনকারীদের ওপর পেলেট গান ব্যবহার করা হয়েছে। পুলিশ দাবি করেছে, এসব অভিযোগ ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
সফদরজং হাসপাতালের চিকিৎসা নথিতে ২৮ বছর বয়সী এক বিক্ষোভকারীর শরীরে পেলেটের আঘাতের উল্লেখ রয়েছে। ওই ব্যক্তিকে ২০ জুলাই বিকেলে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া, আহত ৬০ জন বিক্ষোভকারীর মধ্যে সাহিল লোচাবের ডান চোখে পেলেটের গুলি লাগে। তার অস্ত্রোপচার হয়েছে এবং আরও একটি অস্ত্রোপচারের অপেক্ষায় রয়েছেন।
পেলেট গান ২০১০ সালে কাশ্মীরে সহিংসতা নিয়ন্ত্রণে ব্যবহার শুরু হয়। ২০১৬ সালে বুরহান ওয়ানির মৃত্যুর পর শুরু হওয়া বিক্ষোভ দমনে এটি আবার ব্যবহার করা হয়। একটি পেলেট কার্তুজ থেকে শত শত ধাতব বা রাবারের ছররা বের হয়, যা গুরুতর আহত হওয়ার ঝুঁকি তৈরি করে।
এদিকে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, প্রশ্নপত্র ফাঁসের বিরুদ্ধে কঠোর শাস্তির বিধান রেখে একটি বিল আগামী সপ্তাহে সংসদে উত্থাপন করা হবে। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে প্রধানমন্ত্রীকে শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়ার আহ্বান জানিয়েছেন।
























