চট্টগ্রামে ২০ লাখ টাকা চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর নির্মাণাধীন ভবনে সশস্ত্র হামলা, ব্যাপক ভাঙচুর ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন এবং নিরাপত্তাকর্মীসহ বেশ কয়েকজন শ্রমিক মারধরের শিকার হয়েছেন।
রোববার (২৬ জুলাই) সকাল ৮টার দিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের বড় দিঘিরপাড়-ভাটিয়ারী লিংক রোডসংলগ্ন একটি আবাসিক এলাকায় এ হামলার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, মুখে মাস্ক পরা ৮ থেকে ১০ জন সশস্ত্র ব্যক্তি একটি টেম্পোতে এসে নির্মাণাধীন ভবনে প্রবেশ করে।
হামলাকারীরা প্রথমে শ্রমিকদের মারধর করে এবং পরে দরজা-জানালাসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর চালায়। হামলার সময় হাসান সাকি নামে এক নির্মাণ শ্রমিককে কিরিচ দিয়ে কুপিয়ে আহত করা হয়। হামলা শেষে আতঙ্ক ছড়াতে ভবনের সামনে তিনটি ককটেলের বিস্ফোরণ ঘটিয়ে তারা ঘটনাস্থল ত্যাগ করে।
ভুক্তভোগী ব্যবসায়ী মোহাম্মদ জসিম উদ্দিন জানান, গত এক মাস ধরে বিদেশি নম্বর থেকে ফোন করে তার কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছিল। তিনি বিষয়টি পুলিশকে অবহিত করেছিলেন। চাঁদা না দেওয়ায় তার নির্মাণাধীন ভবনে এ হামলার ঘটনা ঘটেছে। তিনি এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন।
চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ জানিয়েছেন, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে এবং হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান চলছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এই এলাকায় নির্মাণাধীন আরও অন্তত ৮ থেকে ১০টি ভবনের মালিকের কাছ থেকেও চাঁদা দাবি করা হয়েছে।


























