ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার সম্প্রতি তার বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেছেন, তরুণ খেলোয়াড়দের তিরস্কার করার বিষয়টি ‘বিদ্বেষপূর্ণ মিথ্যা’ এবং তিনি পুরো দলের উদ্দেশ্যে কথা বলেছেন।
সান্তোসের হয়ে শাপোকোয়েন্সের বিপক্ষে ২-২ গোলে ড্র হওয়া ম্যাচের হাফটাইমে নেইমার তার সতীর্থদের নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘গ্লোবো এস্পোর্তে’ জানায়, তিনি গ্যাব্রিয়েল বোন্তেম্পোকে ‘বোকা’ বলার অভিযোগে পড়েছেন।
নেইমার আরও অভিযোগ করেছেন যে, তার বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়ানো হচ্ছে। ইনস্টাগ্রামে প্রকাশিত ভিডিওতে তিনি বলেন, “ড্রেসিংরুমে তরুণ খেলোয়াড়দের আমি তিরস্কার করেছি, কিন্তু এটা একদম সত্যি নয়।”
তিনি উল্লেখ করেন, “এটি ছিল দলের তিরস্কার। আমি এবং অন্যান্য খেলোয়াড়রা কথা বলেছি। তবে কোনো তরুণ খেলোয়াড়কে লক্ষ্য করে কিছু বলা হয়নি।”
নেইমার বলেন, “যথেষ্ট মিথ্যাচার হয়েছে। আমি ইন্টারনেটে ছড়ানো এসব মিথ্যা মেনে নেব না। যারা এসব প্রতিবেদন ছড়ায়, তারা ফুটবল সম্পর্কে কিছুই জানে না।”























