ভারতের রাজস্থানের জয়সালমীর শহরের কাছে একটি দুর্ঘটনায় মেজর পদমর্যাদার এক সেনা কর্মকর্তা নিহত হয়েছেন এবং দুই সেনা সদস্য আহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) পুলিশ এ তথ্য নিশ্চিত করেছে।
দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার গভীর রাতে, যখন তিন সেনা কর্মকর্তা তাদের সেনা স্টেশনে ফিরছিলেন। জয়সালমীর শহর থেকে প্রায় ১৮ কিলোমিটার দূরে থাইয়াত সেনা এলাকার কাছে মেজর হামজা আরিফের চালিত এসইউভি গাড়ির সামনে হঠাৎ একটি উট চলে আসে। এ কারণে গাড়িটি সংঘর্ষের পর চার থেকে পাঁচবার উল্টে যায় এবং প্রায় ১০০ মিটার পিছলে যায়।
দুর্ঘটনার পর আহত তিনজনকে দ্রুত সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মেজর আরিফকে মৃত ঘোষণা করেন। নিহত এই কর্মকর্তা প্রায় এক মাস আগে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন।
অন্যদিকে, একই দুর্ঘটনায় আহত লেফটেন্যান্ট আয়ুষ্মান এবং লেফটেন্যান্ট অভিনব রাঠোর বর্তমানে সেনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
























