সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) কাছে ভারতের তৈরি সুপারসনিক ‘ব্রহ্মস’ ক্ষেপণাস্ত্র বিক্রির বিষয়ে আলোচনা চলছে। যদি এই চুক্তি বাস্তবায়িত হয়, তবে ভারতের অস্ত্র রপ্তানিকারক হিসেবে অবস্থান আরও শক্তিশালী হবে।
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রহ্মস ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ভারতের স্বয়ংক্রিয় আকাশ প্রতিরক্ষা কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ‘আকাশতীর’ নিয়েও আলোচনা চলছে। তবে, এই সম্ভাব্য চুক্তি এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে এবং আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষর হয়নি।
বিশ্লেষকদের মতে, আমিরাতে ভারতীয় প্রতিরক্ষা প্রযুক্তির প্রবেশ কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হবে। ভারত ও রাশিয়ার যৌথ উদ্যোগে তৈরি ব্রহ্মস ক্ষেপণাস্ত্র ভূমি, সমুদ্র ও আকাশ—তিন মাধ্যম থেকেই নিক্ষেপ করা যায় এবং এটি বিশ্বের অন্যতম দ্রুতগতির সুপারসনিক ক্রুজ মিসাইল।
ভারতীয় সেনাবাহিনীর সাবেক লেফটেন্যান্ট জেনারেল এ বি শিভানে বলেন, এই চুক্তি ভারতের প্রতিরক্ষা শিল্পের জন্য আত্মবিশ্বাসের বার্তা বহন করবে। তিনি জানান, আমিরাত ‘আকাশ’ ক্ষেপণাস্ত্র, ‘পিনাকা’ রকেট ব্যবস্থা এবং ড্রোনের প্রতি আগ্রহ দেখিয়েছে।
বিশ্লেষকদের মতে, উপসাগরীয় দেশগুলো তাদের প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করতে চাইছে, বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনার প্রেক্ষাপটে। ভারতীয় প্রযুক্তি তুলনামূলক কম রাজনৈতিক শর্তে এবং সাশ্রয়ী মূল্যে পাওয়ায় এটি আমিরাতের জন্য আকর্ষণীয় বিকল্প হতে পারে।
























