ময়মনসিংহের গৌরীপুরে মো. আল মামুন নামে এক এনজিও কর্মকর্তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট ও বিকাশ অ্যাপ হ্যাক করে ৩৮ হাজার ৯০০ টাকা লুটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মামুন বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর অ্যাকশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের (সার্ড) প্রোগ্রাম অর্গানাইজার। তিনি এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন।
মো. আল মামুন জানান, গত বুধবার (২৯ জুলাই) বিকেলে তার মোবাইল ফোনে অটোমেটিক আপলোড সিস্টেম চালু হয়ে যায়। তিনি ফোনের অপশনে কাজ করার চেষ্টা করেও ব্যর্থ হন। প্রায় ২০ মিনিট পর ফোনের অটো অপশন কাজ সম্পন্ন হলে তিনি দেখতে পান তার সোনালী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে বিকাশ অ্যাপসে একাধিক ট্রানজেকশন হয়েছে।
তিনি জানান, বিকেল ৫টা ৪০ মিনিটে ১০ হাজার টাকা, ৫টা ৪৯ মিনিটে ৫ হাজার, ৫টা ৫২ মিনিটে ৩ হাজার এবং ৫টা ৫৭ মিনিটে ১ হাজার ৫০০ টাকাসহ মোট ১৯ হাজার ৫০০ টাকা লুট করা হয়। এরপর বিকাশ অ্যাপের মাধ্যমে ৫টা ৪৪ মিনিটে ৯ হাজার ৯০০ টাকা এবং অন্যান্য সময়ে আরও ৯ হাজার ৪০০ টাকা লুট করা হয়।
গৌরীপুর সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মোহাম্মদ ফজলে নূর জানান, তিনি ধারণা করছেন, মামুন হয়তো ক্ষতিকারক কোনো অ্যাপসে প্রবেশ করায় এমন ঘটনা ঘটেছে। ব্যাংকের ওটিপি ছাড়া কোনো অবস্থাতেই টাকা ট্রান্সফার হওয়ার সুযোগ নেই।
























