পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পের আবাসন এলাকায় দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত অপর নাগরিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন রয়েছেন।
সোমবার (৩ আগস্ট) সকালে গ্রীনসিটির ৬ নম্বর ভবনের পঞ্চম তলার ৫১ নম্বর কক্ষে এই ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম কুদরিন সার্গেই (৫৬), যিনি রাশিয়ার নাগরিক এবং রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে ঠিকাদারি প্রতিষ্ঠান Trest Rossem-এ Ultrasonic Testing Inspector হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, অতিরিক্ত মদ্যপানের পর দুই রুশ নাগরিকের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কুদরিন সার্গেই অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত করতে মরদেহের সুরতহাল সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রস্তুতি চলছে।
ঈশ্বরদী থানার ওসি আসাদুর রহমান জানান, আহত অপর নাগরিকের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তাকে পাবনা এসআরটি হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তার অবস্থা আশঙ্কাজনক। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে।























