পাকিস্তান ভারতের সীমান্তবর্তী পূর্ব সেক্টরে ২৫০টি চীনা তৈরি এসএইচ-১৫ ট্রাক-মাউন্টেড সেলফ-প্রপেলড হাউইটজার মোতায়েন করেছে। সামরিক সক্ষমতা বাড়ানোর অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা ২০২৫ সালের মে মাসে ভারতের ‘অপারেশন সিন্দুর’-এর পর ইসলামাবাদের অন্যতম বৃহৎ সামরিক শক্তি বৃদ্ধির উদ্যোগ।
এসএইচ-১৫ হাউইটজারটি ১৫৫ মিলিমিটার গেজের অস্ত্র, যা চীনের রাষ্ট্রীয় প্রতিরক্ষা প্রতিষ্ঠান ‘নরিনকো’ দ্বারা তৈরি। এটি ৬×৬ চ্যাসিসের ওপর স্থাপিত এবং এতে একটি ৪০০ হর্সপাওয়ারের ডিজেল ইঞ্জিন রয়েছে।
এই অস্ত্রটির ফায়ারিং রেঞ্জ সাধারণত ৩০ থেকে ৪০ কিলোমিটার, তবে রকেট-অ্যাসিস্টেড প্রজেক্টাইল ব্যবহারের মাধ্যমে এর পাল্লা ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ানো সম্ভব।
অটোমেশন ও গতিশীলতার দিক থেকে, এসএইচ-১৫ হাউইটজারে আধুনিক স্বয়ংক্রিয় ফায়ার-কন্ট্রোল সিস্টেম এবং হাইড্রোলিক ব্যবস্থা রয়েছে, যা প্রতি মিনিটে সর্বোচ্চ ছয় রাউন্ড গোলা বর্ষণ করতে সক্ষম।
বিশ্লেষকদের মতে, এই অস্ত্র মোতায়েন বেইজিং ও ইসলামাবাদের মধ্যে ক্রমবর্ধমান প্রতিরক্ষা সহযোগিতার প্রতিফলন। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির সম্প্রতি দুই দেশের সম্পর্ককে অনন্য বলে উল্লেখ করেছেন। সামরিক শক্তিবৃদ্ধির অংশ হিসেবে পাকিস্তান চলতি বছর তাদের প্রতিরক্ষা বাজেট ১৮ শতাংশ বাড়িয়ে ৩ ট্রিলিয়ন রুপিতে উন্নীত করেছে।























