বগুড়া ও সিলেটের ওসমানীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত এবং ৩৪ জন আহত হওয়ার ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (৭ আগস্ট) এক শোকবার্তায় মিয়া গোলাম পরওয়ার বলেন, বগুড়া-নওগাঁ মহাসড়কে বাস নিয়ন্ত্রণ হারিয়ে শ্রমজীবী মানুষের ওপর উঠে যাওয়ার ফলে ৭ জন এবং ঢাকা-সিলেট মহাসড়কের কাশিকাপনে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জনসহ মোট ১৫ জনের প্রাণহানির ঘটনা অত্যন্ত হৃদয়বিদারক।
তিনি উল্লেখ করেন, সড়কে এ ধরনের মর্মান্তিক প্রাণহানি মেনে নেওয়া যায় না। অনিয়ন্ত্রিত গতি, সড়কের বেহাল দশা এবং কার্যকর তদারকির অভাবে এসব দুর্ঘটনা ঘটছে। প্রতি বছর এসব দুর্ঘটনায় হাজার হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন, যা পরিবারগুলোর জন্য অত্যন্ত দুঃখজনক।
মিয়া গোলাম পরওয়ার নিহতদের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান। তিনি হাসপাতালে চিকিৎসাধীন আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।
জামায়াতের সেক্রেটারি বলেন, অবিলম্বে দুর্ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে উপযুক্ত ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান।























