রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামী কেন্দ্রীয় কার্যালয়ে আজ শনিবার বিকেলে এক সংবাদ সম্মেলনে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, সরকার কর্তৃক পরিশোধিত জ্বালানি তেল আমদানি ও বিক্রি বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার উদ্যোগকে ‘লুটপাটের নতুন লাইসেন্স’ হিসেবে দেখছে।
তিনি অভিযোগ করেন, রাষ্ট্রীয় একচেটিয়া অধিকার ভেঙে প্রতিযোগিতা তৈরির নামে জ্বালানির বাজার কয়েকটি প্রভাবশালী বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেওয়া হতে পারে। গোলাম পরওয়ার বলেন, যুদ্ধ বা দুর্যোগের সময় বেসরকারি কোম্পানিকে রাষ্ট্র কীভাবে নির্দেশ দেবে, তা নিয়ে প্রশ্ন তোলেন।
জামায়াতের সেক্রেটারি আরও বলেন, জ্বালানি খাত সংস্কারের বদলে এর নিয়ন্ত্রণ বেসরকারি গোষ্ঠীর হাতে তুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে, যার খরচ সাধারণ মানুষকে বহন করতে হবে। তিনি বলেন, ‘এটি সংস্কার নয়, এটি হস্তান্তর। এটি প্রতিযোগিতা নয়, এটি দুর্নীতি ও লুটপাটের লাইসেন্স।’
সরকারের দাবি, বেসরকারি খাতকে জ্বালানি তেল আমদানির সুযোগ দিলে প্রতিযোগিতা বাড়বে এবং দাম কমবে, তা প্রত্যাখ্যান করেন গোলাম পরওয়ার। তিনি বলেন, ‘এ ব্যবসায় গভীর সমুদ্রবন্দর, সিঙ্গেল পয়েন্ট মুরিং, বড় ট্যাংক টার্মিনাল, পাইপলাইন ও বিপুল ব্যাংকিং সক্ষমতা প্রয়োজন।’
তিনি উল্লেখ করেন, ২০২৩-২৪ অর্থবছরে বিপিসি ৩ হাজার ৯৪৩ কোটি টাকা এবং ২০২৪-২৫ অর্থবছরে ২ হাজার ৫০ কোটি টাকা মুনাফা করেছে। তবে, জামায়াতের এই নেতার দাবি, বর্তমান জ্বালানিসংকট বিশ্ববাজার ও ভূরাজনৈতিক সংকটের ফল।


























