বিশ্ব ফুটবলের তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও তার সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ের গুজব ছড়িয়ে পড়ার পর পর্তুগালের মাদেইরার ফুনশাল ক্যাথেড্রালের সামনে শত শত মানুষ ভিড় জমায়। শনিবার স্থানীয় সময় বিকেলে এই ঘটনা ঘটে।
রোনালদো ও জর্জিনার বিয়ের সম্ভাব্য তারিখ ও স্থান হিসেবে মাদেইরার নাম প্রকাশিত হওয়ার পর এই কৌতূহল তৈরি হয়। ক্যাথেড্রালের বাইরে উপস্থিত মানুষদের মধ্যে রোনালদোকে একনজর দেখার আশা ছিল। তবে সেখানে উপস্থিত বর-কনে ছিলেন নিকোল ও ফাবিও।
নিকোল যখন গির্জার দিকে এগিয়ে যান, তখন রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। পরে ক্যাথেড্রাল কর্তৃপক্ষ জানায়, রোনালদোর বিয়ের গুজবের কারণে সেখানে বিপুলসংখ্যক সাংবাদিক ও পর্যটক উপস্থিত ছিলেন।
ব্রিটিশ ট্যাবলয়েড ‘দ্য সান’ দাবি করেছিল, শনিবার মাদেইরায় রোনালদো ও জর্জিনার বিয়ে হতে পারে। তবে এই তথ্যের সত্যতা পাওয়া যায়নি। রোনালদোর পরিবারের পক্ষ থেকেও এই গুজবটি নাকচ করা হয়েছে।
রোনালদো নিজেও বিষয়টি নিয়ে মজার প্রতিক্রিয়া দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ক্যাথেড্রালের বাইরে মানুষের ভিড়ের ছবি দেখে তিনি হাসির ইমোজি দেন। জর্জিনার আচরণও ইঙ্গিত করে যে সেদিন তাদের বিয়ের কোনো আয়োজন ছিল না।
রোনালদো ও জর্জিনার বিয়ের পরিকল্পনা রয়েছে, তবে এখনও নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। গত বছরের আগস্টে তাদের বাগ্দান সম্পন্ন হয়েছে।
























