নোয়াখালীর অদম্য মেধাবী শিক্ষার্থী আবতাহি উদ্দিন লাবিব বাবার মরদেহ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষার শেষ বিষয়ে অংশ নিয়ে গোল্ডেন জিপিএ-৫ অর্জন করেছে। বাবার স্বপ্ন পূরণের তাগিদ এবং গভীর শোককে শক্তিতে রূপান্তর করে পরীক্ষায় অংশ নেয় সে। তার এই অর্জনে পরিবার, শিক্ষক ও সহপাঠীদের মধ্যে আবেগঘন পরিবেশ সৃষ্টি হয়েছে।
সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে নোয়াখালী জিলা স্কুল থেকে ২৩৫ জন শিক্ষার্থী অংশ নিয়ে ১৩১ জন জিপিএ-৫ অর্জন করে। তাদের মধ্যে লাবিব সব বিষয়ে এ-প্লাস পেয়ে গোল্ডেন জিপিএ-৫ লাভ করে।
গত ২০ মে জীববিজ্ঞান পরীক্ষার দিন সকালে বাবার মরদেহ রেখে পরীক্ষাকেন্দ্রে গিয়েছিল লাবিব, যা ছিল তার এসএসসির শেষ পরীক্ষা। পরীক্ষা শেষে ঘরে ফিরে সে বাবার জানাজা ও দাফনকাজে অংশ নেয়। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন গণমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
লাবিবের বাবা মফিদুল আলম চাটখিল মহিলা ডিগ্রি কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক ছিলেন। তিনি ১৯ মে রাতে ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। পরিবারের সদস্যরা জানান, ছেলের ভালো ফলাফল এবং উচ্চশিক্ষাই ছিল মফিদুল আলমের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন।
লাবিব পরীক্ষার ফলাফল হাতে পাওয়ার পর আবেগাপ্লুত হয়ে বলেন, বাবাকে হারানো ছিল তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত। তিনি বাবার স্বপ্ন পূরণের কথা ভেবে নিজেকে সামলে পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বাবাকে স্মরণ করে একটি আবেগঘন পোস্টও দিয়েছেন লাবিব।
চাটখিল মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ ফারুক সিদ্দিকী ফরহাদ বলেন, লাবিবের এই অর্জন নিঃসন্দেহে তার বাবার স্বপ্ন পূরণের একটি গুরুত্বপূর্ণ ধাপ। অধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, লাবিবের সাফল্য অধ্যবসায়, দায়িত্ববোধ ও মানসিক শক্তির উদাহরণ।























