চীনে বিয়ে করতে আগ্রহী নিঃসঙ্গ পুরুষদের টার্গেট করে ভুয়া কনের মাধ্যমে প্রতারণার অভিযোগ উঠেছে। কিছু ম্যাচমেকিং এজেন্সি দ্রুত বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পুরুষদের কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিচ্ছে বলে জানা গেছে। বিবিসির অনুসন্ধানে এ ধরনের প্রতারণার চিত্র উঠে এসেছে।
৩৭ বছর বয়সী ওয়াং ঝুয়াংও এমনই এক প্রতারণার শিকার। দীর্ঘদিন স্ত্রী খুঁজে না পেয়ে তিনি গুইঝৌ প্রদেশের ম্যাচমেকিং বিজ্ঞাপনে আকৃষ্ট হন। সেখানে তাকে বলা হয়েছিল, গুইঝৌর নারীরা সংসারী, মিতব্যয়ী এবং পরিবারকে ভালোভাবে দেখাশোনা করেন। গুইঝৌর রাজধানী গুইইয়াংয়ে গিয়ে এক নারীর সঙ্গে পরিচয় হয় ওয়াংয়ের।
কয়েকবার দেখা করার পর তারা বিয়ে করেন। কিন্তু বিয়ের পর ওয়াং জানতে পারেন, তার স্ত্রী নিজের বয়সসহ জীবনের নানা গুরুত্বপূর্ণ তথ্য গোপন করেছিলেন। ওয়াংয়ের অভিযোগ, ওই নারী আগে তিনবার বিয়ে করেছিলেন, তার তিন সন্তান রয়েছে এবং গুরুতর যৌনবাহিত রোগে আক্রান্ত ছিলেন।
বিশেষজ্ঞদের মতে, চীনের দীর্ঘদিনের লিঙ্গ বৈষম্য ও জনসংখ্যাগত সংকট এই ধরনের প্রতারণার পেছনে বড় ভূমিকা রাখছে। বর্তমানে নারীর তুলনায় প্রায় ৩ কোটি বেশি পুরুষ রয়েছে। বিশেষ করে ছোট শহর ও গ্রামীণ এলাকায় ৩০-এর কোঠায় থাকা অনেক পুরুষের জন্য জীবনসঙ্গী খুঁজে পাওয়া কঠিন হয়ে উঠেছে।
চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমও জানিয়েছে, ম্যাচমেকিং শিল্পে দ্রুত প্রবৃদ্ধির পাশাপাশি অবৈধ কর্মকাণ্ড ও বিশৃঙ্খলা তৈরি হয়েছে। জীবনসঙ্গী খোঁজার সংকট এবং বিয়ের বাড়তি আর্থিক চাপকে কাজে লাগিয়ে কিছু অসাধু ম্যাচমেকিং চক্র দ্রুত বিয়ের প্রলোভন দেখিয়ে চীনা পুরুষদের প্রতারণার ফাঁদে ফেলছে।























