স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তরুণদের উদ্ভাবন, গবেষণা ও প্রযুক্তিনির্ভর কাজে মনোযোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। শুক্রবার (৩ জুলাই) সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার মোলানী চুনিহাড়ী গ্রামে উদ্ভাবক মো. সলেমান আলীর তৈরি ‘সলেমান সোলার সেচপাম্প’-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, "খালি আর্জেন্টিনা আর ব্রাজিলের লড়াই নিয়ে মেতে থাকলে লাভ হবে না। তাতে পেটে ভাত আসবে না। আসল কাজ হলো নিজেদের ও অন্য মানুষের আয় বাড়ানোর সুযোগ তৈরি করা।" তিনি তরুণ প্রজন্মকে উদ্ভাবন ও সৃজনশীলতার দিকে মনোযোগ দিতে এবং ভালো ব্যবসার দিকে নজর দিতে উৎসাহিত করেন।
মন্ত্রী জানান, ‘সলেমান সোলার সেচপাম্প’ দেশের কৃষির টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, "দেশীয় প্রযুক্তিনির্ভর এই উদ্ভাবন বাংলাদেশের কৃষিতে এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।" সৌরশক্তি চালিত এ ধরনের প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।
উদ্ভাবক মো. সলেমান আলী বলেন, "বিদ্যুৎ ও ডিজেলের বিকল্প হিসেবে সৌরশক্তি ব্যবহার করে অত্যন্ত কম খরচে কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত করাই আমার মূল লক্ষ্য।" তিনি সরকারি সহযোগিতা পেলে এই প্রযুক্তি দেশের প্রত্যন্ত এলাকায় বিস্তৃত করার আশা প্রকাশ করেন।
অনুষ্ঠানে মন্ত্রী সোলার সেচপাম্পের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন এবং উদ্ভাবকের সঙ্গে মতবিনিময় করেন। তিনি সরকারের পক্ষ থেকে উদ্ভাবনের জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।
























