বরিশালের আগৈলঝাড়ায় ফুটবল খেলার সময় পেটে বলের আঘাত লেগে আবু সাইদ (২০) নামে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ভেগাই হালদার পাবলিক একাডেমি স্কুল মাঠে এ ঘটনা ঘটে।
নিহত আবু সাইদ পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার মনিপাড়া গ্রামের মো. জাকির গাজীর ছেলে। তিনি আগৈলঝাড়া সদরের আল জামিয়াতুল নাফিসিয়া আল ইসলামীয়া (মার্কাজ) মাদ্রাসার কাফিয়া জামায়াতের নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন।
স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে জানা যায়, আবু সাইদ মাদ্রাসার আবাসিক ছাত্র ছিলেন। শুক্রবার মাদ্রাসা বন্ধ থাকায় তিনি সহপাঠীদের সঙ্গে মাঠে ফুটবল খেলতে যান। খেলার সময় বলটি সজোরে গিয়ে তার পেটে লাগে, ফলে তিনি গুরুতর আহত হয়ে মাঠে লুটিয়ে পড়েন।
পরে মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা তাকে স্থানীয় দুস্থ মানবতা হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুপুর ২টার দিকে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি রফিকুল ইসলাম জানান, আবু সাইদ লেখাপড়ার পাশাপাশি পার্শ্ববর্তী একটি মাদ্রাসায় ইমামতিও করতেন। তিনি বলেন, মাদ্রাসা কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ফুটবল খেলায় নিষেধাজ্ঞা দিয়েছে, তবে তারা নিষেধাজ্ঞা উপেক্ষা করে মাঠে ফুটবল খেলতে যায়।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ খান জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।























