সিলেটের বিয়ানীবাজারে একটি অনলাইন জুয়ার আসর থেকে চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদকসহ ছয়জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)। বৃহস্পতিবার (১৩ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে চারখাই বাজারের একটি রেস্তোরাঁয় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চারখাই ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পাভেল আহমদ (২৭), দুলাল আহমদ (৩০), জামিল আহমদ (২৪), সাবু আহমদ (৩২), জাবের আহমদ (২৯) এবং মো. জসিম আহমদ (৩১) রয়েছেন। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া খেলার কাজে ব্যবহৃত ছয়টি স্মার্টফোন জব্দ করা হয়।
র্যাব-৯ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয় এবং অভিযানের সময় কয়েকজন পালানোর চেষ্টা করলেও ছয়জনকে আটক করা সম্ভব হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে অনলাইন জুয়ার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মো. মাহফুজুল করিম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, ছাত্রদল বিয়ানীবাজার উপজেলা শাখার সভাপতি এনামুল হক এনাম জানান, পাভেল আহমদের বিরুদ্ধে সংগঠন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। তিনি বলেন, ‘ছাত্রদল কোনো ধরনের অন্যায় কর্মকাণ্ডকে প্রশ্রয় দেয় না।’


























