নারায়ণগঞ্জের আড়াইহাজার বাজারে মোবাইল কোর্ট পরিচালনার খবর পেয়ে দুই শতাধিক ওষুধ ব্যবসায়ী দোকান বন্ধ করে পালিয়ে গেছেন। মঙ্গলবার (১৮ আগস্ট) এ অভিযান পরিচালনা করেন আড়াইহাজার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন।
অভিযানে আল আমিন ফার্মেসির দায়িত্বে থাকা মাহিনকে (৪০) ওষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪০(খ), ৪০(গ) ও ৪০(ঘ) ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ফার্মেসিতে ফিজিশিয়ান স্যাম্পল রাখা ও অননুমোদিত ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়।
এছাড়া, অ্যান্টিবায়োটিক বিক্রির ক্ষেত্রে নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ না করা এবং ওষুধ বিক্রির রেজিস্ট্রার যথাযথভাবে সংরক্ষণ না করার বিষয়টিও অভিযানে ধরা পড়ে। মোবাইল কোর্ট পরিচালনার খবর ছড়িয়ে পড়লে বাজারের ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে চলে যান।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোস্তাফিজুর রহমান ইমন বলেন, ‘ওষুধ বিক্রির ক্ষেত্রে আইন ও নির্ধারিত নিয়ম যথাযথভাবে অনুসরণ করতে হবে। জনস্বাস্থ্যের বিষয়টি বিবেচনায় নিয়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
তিনি আরও জানান, ‘ভ্রাম্যমাণ আদালত অভিযানের খবর পেয়ে বিপুলসংখ্যক দোকানি দোকানে তালা লাগিয়ে চলে গেছে।’























