বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) নিয়ে বিসিবির সভাপতি তামিম ইকবাল দাবি করেছেন, গত দুই বছরে বিপিএলে প্রায় ৪০ কোটি টাকা লোকসান হয়েছে। তিনি বলেন, 'এভাবে বিপিএল করতে চাই না।' তামিম জানান, কোনো দল সরে গেলে বা নিয়ম মেনে চলতে না পারলে বিসিবিকেই সেই দলের দায়িত্ব নিতে হয়।
তামিমের এই বক্তব্যের পর, বৃহস্পতিবার (২০ আগস্ট) সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদ জানিয়েছেন বিসিবির আগের কমিটির পরিচালক ও সংগীত শিল্পী আসিফ আকবার। তিনি দাবি করেন, 'বিপিএলের দুই সিজনে ৪০ কোটি টাকা ক্ষতির ঘোষণা সর্বৈব মিথ্যা।' আসিফ সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অডিট এবং গণশুনানির দাবি করেছেন।
সংবাদ সম্মেলনে তামিম জানান, বিপিএলের পরবর্তী আসর দীর্ঘমেয়াদি পরিকল্পনার ভিত্তিতে আয়োজন করা হবে। তিনি বলেন, চলতি বছর টুর্নামেন্ট আয়োজন না করে প্রয়োজনীয় সংস্কার ও ফ্র্যাঞ্চাইজি-সংক্রান্ত প্রক্রিয়া গুছিয়ে নিতে চায় বোর্ড।
তামিম আরও জানান, বিপিএল নিয়ে বিসিবির এই অবস্থানের পেছনে খেলোয়াড়দের স্বার্থও বিবেচনায় রয়েছে। তিনি স্বীকার করেন, চলতি বছর ফ্র্যাঞ্চাইজি লিগ না হলে অনেক ক্রিকেটার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবেন। তবে, টুর্নামেন্টের দীর্ঘমেয়াদি স্বার্থকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
























