পাকিস্তানের বিশ্বকাপজয়ী কিংবদন্তি ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান তিন বছর ধরে কারাগারে আছেন। তিনি একাধিক মামলায় কারাদণ্ড পেয়েছেন এবং পরিবারের অভিযোগ, তিনি যথাযথ চিকিৎসা ও সাক্ষাৎ পাচ্ছেন না। এ নিয়ে বিভিন্ন দেশের কিংবদন্তি ক্রিকেটাররা পাকিস্তান সরকারকে চিঠি দিয়েছেন।
এমন পরিস্থিতিতে ইংরেজি গণমাধ্যম স্কাইকে সাক্ষাৎকার দিয়েছেন ইমরানের দুই সন্তান কাসিম খান ও সুলাইমান খান। সাক্ষাৎকারটি সম্প্রচারিত হলে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ইংল্যান্ডের সঙ্গে চলমান লর্ডস টেস্ট বয়কটের হুমকি দেয়। ইএসপিএন ক্রিকইনফো জানায়, স্কাই সাক্ষাৎকারটি প্রচার করতে দেরি করলেও শেষ পর্যন্ত ১৮ মিনিটের ক্লিপটি সম্প্রচার করে।
ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটনের নেওয়া সাক্ষাৎকারটি প্রচারের সময় পাকিস্তানের খেলোয়াড়রা মাঠে ওয়ার্ম-আপ শুরু করে। সামান্য বিলম্বের হুমকি থাকলেও খেলা স্বাভাবিকভাবেই শুরু হয়।
পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি, যিনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীও, তিনি সরকারবিরোধী সমালোচকদের প্রকাশ্যে কথা বলার সুযোগ দেওয়ায় অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছে। সাক্ষাৎকারটি লর্ডসের প্যাভিলিয়নে ধারণ করা হয়েছিল, যেখানে ইমরান খানের একটি প্রতিকৃতি ঝুলছে।























