সরকার সারা দেশে মাদকদ্রব্য অপরাধ দমন ট্রাইব্যুনাল গঠন করেছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৪৪(ক) ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এই ট্রাইব্যুনালগুলো গঠন করা হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) একটি প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ঢাকা সহ দেশের বিভিন্ন বিভাগ ও জেলার জন্য মোট ২২টি ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। প্রতিটি ট্রাইব্যুনালের বিপরীতে স্থানীয় এখতিয়ারও নির্ধারণ করা হয়েছে। গেজেট প্রকাশিত তালিকায় ঢাকা মহানগরের জন্য তিনটি পৃথক ট্রাইব্যুনাল গঠনের কথা বলা হয়েছে।
ঢাকার প্রথম ট্রাইব্যুনালের আওতায় সমগ্র ঢাকা জেলা এলাকা রয়েছে। দ্বিতীয় ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-১-এর আওতায় পল্লবী, কাফরুল, মিরপুর, শাহআলী, দারুসসালাম, রূপনগর, ভাষানটেক, তেজগাঁও, তেজগাঁও শিল্প এলাকা, হাতিরঝিল, শেরে বাংলা নগর, রমনা এবং শাহবাগ থানার এলাকা অন্তর্ভুক্ত। তৃতীয় ট্রাইব্যুনাল, ঢাকা মহানগর-২-এর আওতায় কলাবাগান, ধানমন্ডি, হাজারীবাগ, নিউমার্কেট, আদাবর, কোতোয়ালী, বংশাল, চকবাজার, লালবাগ, কামরাঙ্গীরচর এবং মোহাম্মদপুর থানার এলাকা রয়েছে।
প্রজ্ঞাপনে জানানো হয়েছে, এ প্রজ্ঞাপন জারির তারিখ থেকে ৬০ দিনের মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের অধীন চলমান মামলাগুলো নতুন ট্রাইব্যুনালে স্থানান্তরিত হবে। বর্তমানে বিচারাধীন মাদক মামলা সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৩৩৩টি, যার মধ্যে ঢাকা মহানগর এলাকায় ২১ হাজার ৯২০টি মামলা রয়েছে।

























