ভারতের অনূর্ধ্ব-১৯ দলের লেগস্পিনার রোহিত যাদব এবং পেসার রবি কুমারকে বয়স জালিয়াতির অভিযোগে দুই বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছরের জুলাইয়ে শ্রীলঙ্কা সফরে খেলার সময় এই অভিযোগ ওঠে।
ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো জানায়, ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি) তাদের খেলোয়াড়দের নথিপত্র যাচাইকরণের উদ্যোগ নিলে এই অনিয়ম ধরা পড়ে। এর ফলে রোহিত যাদবকে অস্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে নির্ধারিত ম্যাচগুলো থেকে বাদ দেওয়া হয়েছে।
সিএবি জানিয়েছে, রোহিতের প্রকৃত বয়সের সাথে দাখিল করা তথ্যে প্রায় ২৭ মাসের গরমিল রয়েছে। একই অপরাধে আরও ৬৪ জন খেলোয়াড়কে নিষিদ্ধ করা হয়েছে, যার মধ্যে রয়েছেন রবি কুমার, যিনি ২০২২ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন।
রবি কুমারের ক্ষেত্রে বয়সের হেরফের ৪০ মাসেরও বেশি বলে জানা গেছে। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এই নিষেধাজ্ঞার কথা সংশ্লিষ্ট রাজ্য সংস্থাগুলোকে জানিয়ে দিয়েছে।
বয়স জালিয়াতি রোধে বিসিসিআই অতীতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, যার মধ্যে ২০২০ সালে একটি 'ক্ষমা নীতি' চালু করা হয়েছিল। এই নীতির আওতায় খেলোয়াড়রা স্বেচ্ছায় সঠিক জন্মতারিখ জমা দিলে নিষেধাজ্ঞা থেকে রেহাই পেতে পারেন।


























