পটুয়াখালীর বাউফলের কেশবপুর ইউনিয়নে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক নেতার মাদক সেবনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ৫ জুলাই সকালে ফেসবুকে প্রকাশিত হয় এবং এতে ফেরদৌস নামের ওই যুবক ইয়াবা সেবন করতে দেখা যায়। তার সঙ্গে আরও দুই ব্যক্তি ছিলেন, যারা তাকে সহযোগিতা করছেন।
ফেরদৌস কেশবপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা এবং স্থানীয় ছাত্রলীগ নেতা হিসেবে পরিচিত। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা অভিযোগ করেছেন যে, ফেরদৌস দীর্ঘদিন ধরে মাদক সেবনসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত।
এ ঘটনায় অভিভাবকদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, এ ধরনের কর্মকাণ্ড এলাকার তরুণ ও যুবসমাজের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তারা দ্রুত অভিযুক্তের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম জানিয়েছেন, ফেসবুকের মাধ্যমে বিষয়টি প্রশাসনের নজরে এসেছে। ভিডিওটির সত্যতা ও সময় যাচাই করে অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তিনি মাদকের ব্যাপারে কোনো ছাড় দেওয়া হবে না বলেও জানিয়েছেন।

























