বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের বিরুদ্ধে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল। কোয়ার্টার ফাইনালের টিকিট নিশ্চিত করতে হলে সেলেসাওদের প্রধান চ্যালেঞ্জ হবে আর্লিং হালান্ডকে নিষ্ক্রিয় রাখা। নরওয়ের এই গোলমেশিনকে থামানোর জন্য বিশেষ কৌশল গ্রহণ করেছে ব্রাজিলের টিম।
সোমবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ২টায় নিউ জার্সিতে নরওয়ের বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। ম্যাচের আগে ব্রাজিলের কোচ কার্লো আনচেলত্তি জানিয়েছেন, হালান্ডের খেলার ধরন সম্পর্কে তার ডিফেন্ডারদের নতুন করে কিছু বুঝিয়ে বলতে হবে না। তিনি বলেন, "হালান্ডকে সবাই চেনে। আমার ডিফেন্ডাররা তাকে আমার চেয়েও ভালো চেনে। তবে তার শক্তি ও সামর্থ্য আমাদের মাথায় রাখতে হবে, কারণ সে খুবই বিপজ্জনক একজন ফরোয়ার্ড।"
ব্রাজিলের মিডফিল্ডার ব্রুনো গিমারেস হালান্ডকে থামানোর সবচেয়ে কার্যকর উপায় হিসেবে বল না পেতে দেওয়ার কথা উল্লেখ করেছেন। তিনি বলেন, "আমাদের চেষ্টা করতে হবে বল যেন হালান্ডের কাছে না পৌঁছায়। আমরা আক্রমণে উঠব, তবে সব সময় কেউ না কেউ তার সঙ্গে লেগে থাকবে যেন সে কোনো ফাঁকা জায়গা না পায়।"
গিমারেস নরওয়ের ফিজিক্যাল ফুটবল এবং হালান্ডের উচ্চতাকে হুমকি হিসেবে দেখছেন। তিনি সতর্ক করেছেন, "তারা আমাদের বক্সে অনেক বল ফেলবে এবং প্রত্যেকটি কর্নার বা ফ্রি-কিক থেকে গোল করার জন্য নিজেদের সর্বোচ্চ চেষ্টা করবে। তাদের সেই শক্তিকে নস্যাৎ করার জন্য আমরা পুরো সপ্তাহজুড়ে অনুশীলন করেছি। এটি অত্যন্ত কঠিন একটি ম্যাচ হতে যাচ্ছে।"
























