যুক্তরাষ্ট্রের অবরোধ ও ইরানি জাহাজে হামলা অব্যাহত থাকলে তেহরানের পক্ষ থেকে বড় ধরনের পাল্টা প্রতিক্রিয়া আসতে পারে বলে মন্তব্য করেছেন ইরানের অধ্যাপক মোস্তাফা খোশচেশম। তিনি বলেন, সাম্প্রতিক হামলার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাতের গতিপথে পরিবর্তন এসেছে এবং যুদ্ধের ‘নিয়ম’ বদলে গেছে।
মোস্তাফা খোশচেশম তেহরানের ইউনিভার্সিটি অব অ্যাপ্লাইড সায়েন্সেসের অধ্যাপক। তিনি আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান সংঘাতে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।
তিনি উল্লেখ করেন, সাম্প্রতিক সময়ে ইরানি ও মার্কিন জাহাজের মধ্যে গোলাগুলির ঘটনা সংঘাতের ধরনে পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। খোশচেশম বলেন, ‘খেলার নিয়ম বদলে গেছে।’
অধ্যাপক খোশচেশম সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর সমুদ্র অবরোধ এবং হামলা অব্যাহত রাখে, তাহলে পরবর্তী জবাব ‘অনেক, অনেক বড়’ হতে পারে।
তিনি আরও জানান, সংঘাতের মাত্রা আগামী মার্কিন মধ্যবর্তী নির্বাচনের সময় পর্যন্ত বাড়তে পারে। তবে তাঁর দাবি, ইরানের লক্ষ্য শুধু মার্কিন নির্বাচনের ওপর প্রভাব ফেলা নয়, বরং যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ওপর অর্থনৈতিক চাপ বাড়িয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সমুদ্র অবরোধ প্রত্যাহার করতে বাধ্য করাও তেহরানের উদ্দেশ্য হতে পারে।
তবে খোশচেশমের এসব মন্তব্য তাঁর নিজস্ব বিশ্লেষণ ও পূর্বাভাস; এগুলো ইরান সরকারের আনুষ্ঠানিক অবস্থান হিসেবে উল্লেখ করা হয়নি।


























