রাজধানীর পল্লবী থানার হত্যাচেষ্টা মামলায় সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ঢাকার আদালতে জামিননামা দাখিল করেছেন।
আজ রোববার ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আওলাদ হোসাইন মুহাম্মদ জোনাইদের আদালতে তিনি উপস্থিত হয়ে এ জামিননামা জমা দেন। ২১ জুলাই গাজী নজরুলের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমানের অভিযোগে পল্লবী থানায় মামলাটি দায়ের করা হয়।
মামলার আসামিরা হলেন গাজী নজরুল ইসলাম (৭৪), আমিনুর রহমান (৫৫), মাসুম বিল্লাহ (৪১), মোতাসসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)। গাজী নজরুল ইসলাম গত ১০ আগস্ট হাইকোর্ট থেকে ৮ সপ্তাহের জামিন পান।
মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, গাজী নজরুল ইসলামের সঙ্গে ওবায়দুরের ভাগ্নির অনৈতিক সম্পর্ক নিয়ে বিরোধের জেরে হামলার ঘটনা ঘটে। ১৪ জুলাই গাজী নজরুল ইসলামের নির্দেশে অন্যান্য আসামিরা ওবায়দুরকে মারধর করেন এবং শ্বাসরোধের চেষ্টা করেন।
ওবায়দুরের মা ও বোনের চিৎকারে হামলাকারীরা পালিয়ে যায় এবং পরে তাকে স্থানীয় কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করা হয়। মামলার বিবরণে আরও বলা হয়েছে যে, আসামিরা ওবায়দুরকে হত্যার হুমকি দিতে থাকে।























