মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার অনুষ্ঠিত হয়েছে তৃতীয় বিভাগ ক্রিকেট বাছাইপর্বের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় দলের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারী দলগুলোর অধিনায়কদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।
জুনিয়র ওয়ারিয়র্স ক্লাবের অধিনায়ক শাওন মিরাজকে প্রশ্ন করেন, সবাই সাকিব আল হাসানের মতো হতে চায়, কিন্তু মেহেদী হাসান মিরাজ হতে হলে কী করতে হবে? জবাবে মিরাজ বলেন, প্রত্যেক ক্রিকেটারের নিজস্ব পরিচয় ও প্রতিভা রয়েছে। তাই অন্য কারও মতো হওয়ার চেষ্টা না করে নিজের সামর্থ্য অনুযায়ী এগিয়ে যাওয়ার পরামর্শ দেন তিনি।
মিরাজ বলেন, সাকিব তার নিজের জায়গায় অনন্য, তিনিও নিজের মতো। তরুণ ক্রিকেটারদের নিজেদের পরিচয় তৈরি করতে হবে। নিজের ওপর বিশ্বাস রেখে সঠিক মানসিকতা নিয়ে এগোলে কেউ তার চেয়েও ভালো ক্রিকেটার হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
ক্যারিয়ারের খারাপ সময় কীভাবে সামলাতে হবে—এমন প্রশ্নের উত্তরে মিরাজ বলেন, প্রত্যেক খেলোয়াড়ের জীবনেই ভালো ও খারাপ সময় আসে। কঠিন সময়ে মানসিকভাবে শক্ত থাকা, নিজের ওপর বিশ্বাস রাখা এবং পরিশ্রম চালিয়ে যাওয়া জরুরি।
পাওয়ার প্লেতে বোলিংয়ের কৌশল নিয়েও কথা বলেন মিরাজ। তার মতে, এ সময়ে ব্যাটাররা সাধারণত দ্রুত রান তুলতে আক্রমণাত্মক ব্যাটিং করে। উইকেট নেওয়ার অতিরিক্ত চেষ্টা করলে রান দেওয়ার ঝুঁকি বাড়তে পারে, তাই ডট বল করার দিকে মনোযোগী হওয়ার পরামর্শ দেন তিনি।
ডেথ ওভারে বোলিংয়ের ক্ষেত্রে নিজের পরিকল্পনা সম্পর্কে পরিষ্কার থাকার ওপর জোর দেন মিরাজ। দলের বিপর্যয়ের সময় মানসিক দৃঢ়তা নিয়েও তরুণদের পরামর্শ দেন তিনি।
























