সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও অসত্য তথ্য ছড়িয়ে ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি সকলকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান এবং বলেন, অভ্যন্তরীণ বিরোধকে ধর্মীয় হামলা হিসেবে অপপ্রচার করা হচ্ছে, যা কঠোরভাবে প্রতিরোধ করা হবে।
মন্ত্রী বলেন, চলমান দুর্গোৎসব অত্যন্ত উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠিত হচ্ছে এবং আশা প্রকাশ করেন যে প্রবারণা পূর্ণিমা ও কঠিন চীবর দান উৎসবও শান্তিপূর্ণভাবে উদযাপিত হবে। তিনি সোমবার ১৯ অক্টোবর বাংলাদেশ সচিবালয়ে বৌদ্ধ ধর্মীয় নেতৃবৃন্দের সঙ্গে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে ধর্মীয় সম্প্রীতি রক্ষা এবং সকল ধর্মের মানুষের উৎসব নিরাপদে পালনের দায়িত্ব সরকারের। আগামী ২৫ অক্টোবর অনুষ্ঠেয় প্রবারণা পূর্ণিমা এবং কঠিন চীবর দান উৎসবে সর্বাত্মক সহযোগিতা ও নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্ত্রী উল্লেখ করেন, সংবিধানের ২৮ অনুচ্ছেদ অনুযায়ী ধর্মের ভিত্তিতে বৈষম্য করার সুযোগ নেই এবং নাগরিকদের ধর্মীয় অনুষ্ঠান পালনের অধিকার রয়েছে। তিনি আসন্ন প্রবারণা পূর্ণিমা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর নজরদারির নির্দেশ দেন।
দুর্গাপূজার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে মন্ত্রী জানান, মণ্ডপসমূহের নিরাপত্তা নিশ্চিত করতে প্রযুক্তির ব্যবহার বাড়ানো হয়েছে। তিনি বলেন, পুলিশের মনিটরিং সেলের মাধ্যমে পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
























