রাজধানীর আবাসিক এলাকাগুলোতে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বরাদ্দকৃত ১ হাজার ৪১৩টি প্লটের নথি যাচাই-বাছাই ও তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। সুনির্দিষ্ট তদন্তে অনিয়ম পাওয়া গেলে এসব বরাদ্দের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) জানায়, পূর্বাচল নতুন শহর প্রকল্পের ৮৭৪টি এবং ঝিলমিল আবাসিক এলাকার ২০০টি প্লটের কার্যক্রম আপাতত স্থগিত রাখা হয়েছে। এই সিদ্ধান্তটি প্রাথমিক তদন্তের ভিত্তিতে নেওয়া হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) জাতীয় সংসদ ভবনে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এসব তথ্য উপস্থাপন করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি মো. রেজাউল করিম বাদশা।
সংসদ সচিবালয় জানায়, গুলশান, বনানী, উত্তরা, পূর্বাচল নতুন শহর প্রকল্প এবং ঝিলমিল আবাসিক এলাকায় মোট ১ হাজার ৪১৩টি প্লট রাজনৈতিক বিবেচনায় বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে পূর্বাচল প্রকল্পে ৯৪৪টি প্লট বরাদ্দ হয়েছে।
রাজউক কর্তৃক বরাদ্দের ক্ষেত্রে কোনো অনিয়ম হয়েছে কি না, তা যাচাইয়ের জন্য হাইকোর্ট বিভাগের রুল অনুযায়ী গঠিত কমিটি নথি পরীক্ষা করে মন্ত্রণালয়ে প্রতিবেদন পাঠিয়েছে। প্রাপ্ত প্রতিবেদনের ভিত্তিতে তদন্ত কার্যক্রম চলমান থাকবে।
























