সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে — সুনামগঞ্জে পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি করে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। রবিবার (২২ নভেম্বর) বেলা ১২টার দিকে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা থেকে প্রতিবাদ মিছিলটি শুরু হয়।
মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে আলফাত স্কয়ার পয়েন্টে এসে সমাবেশে মিলিত হয়। এই মিছিলে জেলা ও বিভিন্ন উপজেলা এবং পৌর ইউনিটের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
আলফাত স্কয়ারে আয়োজিত পথসভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনাজ্জির হোসেন। সঞ্চালনা করেন সংগঠনের সদস্য সচিব জাহাঙ্গীর আলম। বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের স্বাভাবিক পরিস্থিতি ও স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো ষড়যন্ত্র ঐক্যবদ্ধভাবে রুখে দেওয়া হবে।
সমাবেশে বক্তারা সকল নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষকে সজাগ ও সংগঠিত থাকার আহ্বান জানান। তারা বলেন, এ ধরনের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে একত্রিত হয়ে প্রতিরোধ গড়তে হবে।
পথসভায় জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুহেল মিয়া, শাহজাহান মিয়া, অ্যাডভোকেট আহাদ জুয়েল, মঈনুল ইসলাম, আনোয়ার আলম, সৈয়দ মুহাদ্দিস, ওমর ফারুক ও সামছুর রহমানসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতারা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এছাড়া, কর্মসূচিতে জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যদের পাশাপাশি সুনামগঞ্জ সদর উপজেলা ও পৌরসভা, বিশ্বম্ভরপুর, জামালগঞ্জ, মধ্যনগর, দিরাই, শান্তিগঞ্জ, ছাতক ও দোয়ারাবাজার উপজেলা এবং পৌর শাখার নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
বিক্ষোভ মিছিল ও সমাবেশের মাধ্যমে স্বেচ্ছাসেবক দল দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তাদের অবস্থান স্পষ্ট করেছে। তারা আশা প্রকাশ করেন যে, জনগণ তাদের সঙ্গে থাকবে এবং দেশের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সক্রিয় ভূমিকা পালন করবে।























