বাগেরহাটের শরণখোলায় বৃহস্পতিবার (১৬ জুলাই) নিজ বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পারিবারিক কলহের কারণে এই মৃত্যুর ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে পাওয়া একটি চিরকুটের উৎস খতিয়ে দেখছে পুলিশ।
নিহতরা হলেন কবির হাওলাদার (৩০) ও তার স্ত্রী হালিমা বেগম (২৫)। তাদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
প্রতিবেশীদের মতে, দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, স্ত্রী হালিমা বেগমকে হত্যার পর কবির হাওলাদার আত্মহত্যা করেছেন। হালিমার গলায় আঘাতের চিহ্ন রয়েছে।
পুলিশ ঘটনাস্থল থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করেছে, যেখানে লেখা রয়েছে, ‘এই মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।’ চিরকুটটির সত্যতা এবং এটি কে লিখেছেন, তা তদন্ত করে দেখছে পুলিশ।
নিহত দম্পতির সাত বছর ও দুই মাস বয়সী দুটি সন্তান রয়েছে। ঘটনার সময় দুই মাসের শিশুসন্তানটি ঘরেই ছিল এবং বাবা-মায়ের মরদেহের পাশেই কান্না করছিল।
শরণখোলার থানার পরিদর্শক (তদন্ত) রোকেয়া খানম জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে পুলিশ কবিরের বাড়িতে যায় এবং সেখানে দম্পতির মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।























