পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বুধবার (১৫ জুলাই) ইসলামাবাদে বিদায়ী সার্ক মহাসচিব রাষ্ট্রদূত মো. গোলাম সারওয়ারের সঙ্গে বৈঠক করেছেন। এ সময় তিনি দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক)কে আরও কার্যকর ও সক্রিয় করার ওপর গুরুত্বারোপ করেন।
বৈঠকে শেহবাজ শরিফ রাষ্ট্রদূত গোলাম সারওয়ারের নেতৃত্বের প্রশংসা করেন এবং সার্ক সনদের প্রতি পাকিস্তানের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক উন্নয়ন, আঞ্চলিক সংযোগ বৃদ্ধি এবং জনগণের যৌথ সমৃদ্ধি নিশ্চিত করতে সার্ককে নতুন উদ্যমে সক্রিয় করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।
এর আগে মঙ্গলবার পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারও বিদায়ী মহাসচিবের সঙ্গে বৈঠক করেন। তিনি দক্ষিণ এশিয়ার বিপুল জনসংখ্যা ও অর্থনৈতিক সম্ভাবনার কথা উল্লেখ করে সার্ককে কার্যকর আঞ্চলিক সহযোগিতার প্ল্যাটফর্ম হিসেবে পুনরুজ্জীবিত করার আহ্বান জানান।
ইসহাক দার বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে সার্ক সনদের মূলনীতি অনুসরণ করে পারস্পরিক সহযোগিতা জোরদার করতে হবে। তিনি পাকিস্তানের সার্কের লক্ষ্য বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ থাকার কথা উল্লেখ করেন।
বিদায়ী সার্ক মহাসচিব গোলাম সারওয়ার পাকিস্তান সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আঞ্চলিক সহযোগিতা এগিয়ে নিতে পাকিস্তানের ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। বিশ্লেষকদের মতে, এসব বৈঠক দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা প্রক্রিয়াকে পুনরায় সক্রিয় করার ক্ষেত্রে একটি ইতিবাচক বার্তা বহন করছে।
























