নাটোরের সিংড়ায় পূর্ব বিরোধের জেরে লিজ নেওয়া একটি মাছ চাষের পুকুরে বিষ প্রয়োগ করে আনুমানিক ৫ লাখ টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (১৭ জুলাই) ভোররাতে উপজেলার গাড়াবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
ভুক্তভোগী তরুণ মাছ চাষি রনি মন্ডল জানান, তিনি তার বাড়ির পাশে এক একর আয়তনের পুকুরে দীর্ঘদিন ধরে বাণিজ্যিকভাবে মাছ চাষ করে আসছিলেন। ঘটনার দিন রাতে পুকুর দেখে ঘুমাতে যান। পরদিন সকালে পুকুরে গিয়ে দেখতে পান রুই, কাতলা, মৃগেলসহ সব মাছ মরে ভেসে উঠেছে। এই দৃশ্য দেখে তিনি ও তার পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েন। পরে পুকুরের পানিতে বিষাক্ত কীটনাশকের তিনটি খালি বোতল ভাসতে দেখা যায়।
স্থানীয় বাসিন্দা মোস্তাক আহমেদ ও মিলন হোসেন জানান, পুকুরে বিষাক্ত কীটনাশকের খালি বোতল পাওয়া যাওয়ায় এটি স্পষ্ট যে, শত্রুতার জেরে প্রতিপক্ষের দেওয়া বিষের কারণেই মাছগুলো মারা গেছে। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান এবং জড়িতদের শাস্তির দাবি করেন।
রনি মন্ডল অভিযোগ করেন, জাতীয় সংসদ নির্বাচনের পর থেকেই গ্রামের প্রতিপক্ষ মুজিবুর রহমান ও তার লোকজন পুকুর নিয়ে তার সঙ্গে বিরোধ করে আসছিল। তিনি জানান, পুকুরের সব বৈধ কাগজপত্র থাকা সত্ত্বেও প্রতিপক্ষ তাকে পুকুর ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছিল। তিনি সিংড়া থানায় লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।
এ বিষয়ে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, এখনো এই বিষয়ে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।























