অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় গুলিবিদ্ধ হয়ে ফিলিস্তিনি কিশোর ফুটবলার ফাদি হামদাল্লাহ আল-নাসসান (১৭) মারা গেছেন। গত ১১ জুলাই আল-মুঘাইয়ির গ্রামে হামলার সময় তিনি আহত হন। শনিবার (১৮ জুলাই) তার মৃত্যুর বিষয়টি ফিলিস্তিনি কর্তৃপক্ষের কর্মকর্তা ও পরিবারের সদস্যরা নিশ্চিত করেছেন।
ফাদি ফিলিস্তিনের জাতীয় যুব ফুটবল দলের সদস্য ছিলেন। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়, যেখানে চিকিৎসকরা তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন। চিকিৎসাধীন অবস্থায় শনিবার তার মৃত্যু হয়।
ফাদির মৃত্যু পশ্চিম তীরে ফিলিস্তিনি জনগণের ওপর ইসরায়েলি সহিংসতার বিষয়ে নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। ১৯৬৭ সাল থেকে পশ্চিম তীর ইসরায়েলের দখলে রয়েছে এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী সেখানে ইসরায়েলি বসতি স্থাপন অবৈধ। তবে সাম্প্রতিক বছরগুলোতে এর বিস্তার বেড়েছে।
ফিলিস্তিন ফুটবল অ্যাসোসিয়েশন (পিএফএ) জানিয়েছে, ফাদির মৃত্যুর পর ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে ফিলিস্তিনি ক্রীড়াঙ্গনে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ১৩ জনে দাঁড়িয়েছে, যার মধ্যে ৫৬৮ জন ফুটবল পরিবারের সদস্য।
ফাদির বাবা হামদাল্লাহ আল-নাসসান জানান, হামলার সময় নারী ও শিশুদের চিৎকার শুনে তার ছেলে ঘটনাস্থলের দিকে ছুটে গিয়েছিল এবং সেখানেই গুলিবিদ্ধ হয়। তার মা হানান আল-নাসসান বলেন, ফাদি একজন ভালো ছাত্র এবং ফুটবল খেলতে খুব ভালোবাসত।























