ইতালির সিরি ‘আ’ ক্লাব কোমো ১১ বছরের কম বয়সী ফুটবলারদের জন্য হেডিং নিষিদ্ধ করেছে। নতুন নীতিমালার আওতায়, কর্নার কিকের ক্ষেত্রেও বল বক্সে তুলে দেওয়া হবে না। পরিবর্তে, মাটিতে থ্রো-ইনের মাধ্যমে খেলা শুরু হবে।
ক্লাবটি জানিয়েছে, ছোট বয়সে হেডিংয়ের পরিবর্তে খেলোয়াড়দের বলের সংস্পর্শে বেশি সময় রাখা, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়ানো এবং টেকনিক্যাল দক্ষতা গড়ে তোলার দিকে জোর দেওয়া হবে। অনূর্ধ্ব–১২ পর্যায়ে সীমিত আকারে হেডিং অনুশীলনের সুযোগ রাখা হয়েছে।
মৌসুমের শেষ দিকে হালকা রাবারের বল দিয়ে হেডিংয়ের প্রশিক্ষণ শুরু হবে। মাসে একবারের বেশি এমন অনুশীলন করা যাবে না এবং একটি সেশনে সর্বোচ্চ পাঁচবার হেড করার অনুমতি থাকবে।
কোমোর ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন নির্দেশিকার উদ্দেশ্য হলো মাথার আঘাত কমানো এবং খেলোয়াড়দের সুস্বাস্থ্য নিশ্চিত করা।
ক্লাবের বোর্ড অব এডুকেশনের সদস্য রাফায়েল ভারান বলেন, ‘ছোট খেলোয়াড়দের জন্য সবচেয়ে ভালো পথ হলো স্পষ্ট নিয়ম, ভালো কোচিং এবং স্বাস্থ্য ও নিরাপত্তার প্রতি গুরুত্ব দেওয়া।’























